ঢাকা-চট্টগ্রাম রেলপথে ভ্রমণের সময় কমিয়ে আনা এবং কক্সবাজারগামী ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। বর্তমানে এই রুটে চার জোড়া ট্রেন চলাচল করলেও যাত্রীদের বাড়তি চাহিদার কথা বিবেচনা করে ট্রেনের সংখ্যা পাঁচ জোড়ায় উন্নীত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। শনিবার চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ পরিদর্শন শেষে চট্টগ্রাম স্টেশনে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানান, ঢাকা-চট্টগ্রামের দূরত্ব কমিয়ে আনতে নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত একটি নতুন কর্ড লাইন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রুটে প্রায় ৮০ কিলোমিটার পথ এবং যাত্রার সময় প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট কমে আসবে। এছাড়া রেলের জমিতে নতুন করে কোনো ইজারা না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যমান ইজারাগুলোও পর্যালোচনা করা হবে এবং আইনি জটিলতাহীন ইজারাগুলো বাতিলের উদ্যোগ নেওয়া হবে। রেলের নিজস্ব জমিতে ভবিষ্যতে সৌরবিদ্যুৎ প্রকল্পসহ জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
এর আগে সকালে কক্সবাজারের ঝিনুক আকৃতির আইকনিক রেলস্টেশন পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, এই স্টেশনটি বেসরকারি খাতে পরিচালনার দায়িত্ব দেওয়া যায় কি না, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। পাশাপাশি রেলওয়ের অবকাঠামো, নিরাপত্তা ও যাত্রীসেবার মান উন্নয়নের বিষয়টিও পর্যবেক্ষণে রয়েছে। রেললাইন নির্মাণের সময় বন উজাড়ের ক্ষতি পুষিয়ে নিতে সামাজিক বনায়নের মাধ্যমে নতুন করে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। রেলের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রতিমন্ত্রী জানান, যেকোনো অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বাড়ানো এবং ঢাকা-চট্টগ্রামের দূরত্ব কমানোর পরিকল্পনা করছে সরকার। রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ আজ চট্টগ্রাম ও কক্সবাজারের রেলপথ পরিদর্শনকালে এই তথ্য জানান।


0 Comments