ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

ময়মনসিংহের নান্দাইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন, গ্রেফতার ৪

ময়মনসিংহের নান্দাইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন, গ্রেফতার ৪

ময়মনসিংহের নান্দাইলে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে।

শুক্রবার দিবাগত রাতে রসুলপুর গ্রামের বিলপাড় এলাকার একটি কাঁচা সড়কে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ১ আগস্টের কর্মসূচির অংশ হিসেবে নান্দাইল আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের ছবি সম্বলিত ব্যানার নিয়ে নেতাকর্মীরা সেখানে জড়ো হন। তারা মোমবাতি প্রজ্জ্বলন করেন এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল মডেল থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন মোয়াজ্জেমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল হক শাহীন (৪০), মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জান্নাত উল্লাহ (৩৭), সদস্য জহিরুল ইসলাম (৩৯) এবং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সরকার (২০)।

এই ঘটনায় শনিবার নান্দাইল মডেল থানায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৩-১৪ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম জানান, জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টার অভিযোগে চারজনকে গ্রেফতার করে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার পলাতক অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সংক্ষেপে:
ময়মনসিংহের নান্দাইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলনের ঘটনায় যুবলীগ নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
ময়মনসিংহের নান্দাইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন, গ্রেফতার ৪

0 Comments