কক্সবাজার শহরের পর্যটন এলাকা কলাতলীর টি এম বার্মিজ মার্কেটের সামনে থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টি এম বার্মিজ মার্কেটের সামনে দীর্ঘ সময় ধরে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী ইমরান হোসেন জানান, মৃত ব্যক্তিকে গত প্রায় দুই বছর ধরে কলাতলী এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যেত। তিনি মাঝে মধ্যে স্থানীয় মসজিদে নামাজ আদায় করতেন এবং অধিকাংশ সময় টি এম বার্মিজ মার্কেটের পার্কিং এলাকা ও মসজিদের আশপাশে অবস্থান করতেন। জীবিকা নির্বাহের জন্য তিনি ভিক্ষা করতেন এবং স্থানীয়রা তাকে খাবার দিয়ে সহায়তা করতেন। তার কথা বলার ধরন দেখে ধারণা করা হচ্ছে, তিনি চট্টগ্রাম বা কক্সবাজার অঞ্চলের বাসিন্দা নন, বরং দেশের উত্তরাঞ্চলের কোনো জেলার হতে পারেন।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ব্যক্তির সঠিক পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
কক্সবাজারের কলাতলী টি এম বার্মিজ মার্কেটের সামনে থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


0 Comments