সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারানো ১৬ জন বাংলাদেশির প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার ২ জন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নওগাঁর আত্রাই উপজেলার নিহতরা হলেন গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামানিক, মো. কলিমউদ্দিন, মো. মোহন ও মো. সুমন; খরস্রোতা গ্রামের মজিদুল ও আব্দুল জলিল; উজানপই গ্রামের ফরিদ; ডুবাই গ্রামের শুভ ও সুমন; বোয়ালা গ্রামের হৃদয়; নওগাঁ গ্রামের শাহিন এবং সাদনগর গ্রামের সাগর। এছাড়া একই উপজেলার মিনহাজের গ্রামের একজনের নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে, নাটোরের নলডাঙ্গা উপজেলার নিহত দুই ব্যক্তি হলেন দিঘীরপাড় গ্রামের শামিম ও খাজুরা গ্রামের সাব্বির। রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রাম ডাংগাপাড়া এলাকার শ্যামলও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার ওই কারখানায় অগ্নিকাণ্ডের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিহতদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। প্রক্রিয়া শেষ হলে চূড়ান্ত তথ্য ও পরিচয় নিশ্চিত করা হবে। মর্মান্তিক এই ঘটনায় নিহতদের পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিহতদের প্রাথমিক পরিচয় প্রকাশ করেছে। মর্মান্তিক এই ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।


0 Comments