প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সার্জিও গর বাংলাদেশের বর্তমান স্থিতিশীলতার প্রশংসা করে জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য ট্রাভেল অ্যাডভাইজরি ইতিবাচকভাবে সংশোধন করেছে, যা বিনিয়োগকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। আলোচনায় আগামী মাসে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের সফর এবং মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসনের (এফডিএ) সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি উঠে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, কৃষি ও তথ্যপ্রযুক্তি খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান জানান। বিশেষ দূত ডিএফসি-র মাধ্যমে বিনিয়োগ সহযোগিতা এবং বাংলাদেশে একটি ‘U.S. Investor Summit’ আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। এছাড়া রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় সার্জিও গর কক্সবাজারের শরণার্থী শিবিরে তার সফরের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন। প্রধানমন্ত্রীও মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, উপদেষ্টা মাহদী আমিন ও রেহান আসিফ আসাদ, রাষ্ট্রদূত তারেক আরিফুর রহমান এবং মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর। বৈঠকে বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা সংকট সমাধান এবং দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশের স্থিতিশীলতার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।


0 Comments