চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় পারিবারিক কলহের জেরে স্বামীর কোদালের আঘাতে নুরহাবা নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার সকালে দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উল্লাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সলিমকে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ। নিহত নুরহাবা ও অভিযুক্ত সলিম দুজনেই কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১-এর বাসিন্দা। তারা বর্তমানে দোহাজারীর উল্লাপাড়া এলাকায় জনৈক আইয়ুব আলী সওদাগরের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সলিম নিয়মিত কাজ না করায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে সলিম উত্তেজিত হয়ে কোদাল দিয়ে স্ত্রীকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরহাবাকে মৃত ঘোষণা করেন। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, খবর পেয়ে পুলিশ অভিযুক্ত সলিমকে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক কলহের জেরে স্বামীর কোদালের আঘাতে নুরহাবা নামে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত স্বামী সলিমকে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ।


0 Comments