খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা শহরের চেঙ্গী স্কয়ার চত্বরের উন্মুক্ত মঞ্চে আদিবাসী সাংস্কৃতিক মঞ্চের শিল্পীরা মনোজ্ঞ নৃত্য ও সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের মাধ্যমে তারা নিজেদের ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি অধিকার আদায়ের দাবি জানান।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত একটি শোভাযাত্রা চেঙ্গী স্কয়ার থেকে শুরু হয়ে শহরের মারমা উন্নয়ন সংসদে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা পাহাড় ও সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জোর দাবি জানান।
বক্তারা তাদের বক্তব্যে পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, ভূমির অধিকার নিশ্চিত করা এবং পাহাড়ি নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া পার্বত্য জেলা পরিষদগুলোতে নিয়োগের ক্ষেত্রে অনিয়ম ও বাণিজ্য বন্ধের দাবিও তোলা হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন। আয়োজকদের মতে, নিজস্ব সংস্কৃতি রক্ষা ও অধিকার আদায়ের লক্ষ্যেই প্রতিবছর এই দিবসটি পালন করা হয়।
খাগড়াছড়িতে নানা আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস। বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ থেকে সাংবিধানিক স্বীকৃতি এবং পার্বত্য শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছেন বক্তারা।


0 Comments