বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক জানিয়েছেন, গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের চলমান আন্দোলনকে আরও শক্তিশালী করা হবে। শনিবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত দলের ২০২৫-২০২৬ সেশনের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক দলীয় নেতাদের সতর্ক করে বলেন, কোনো ধরনের রাজনৈতিক পদক্ষেপ বা বক্তব্য যেন জনগণের ঐক্যে ফাটল না ধরায় এবং আন্দোলনকে দুর্বল না করে। এছাড়া স্থানীয় সরকারের আসন্ন নির্বাচনগুলোর জন্য এখন থেকেই সৎ, যোগ্য ও দক্ষ প্রার্থী বাছাই করে সাংগঠনিক ভিত্তি মজবুত করার নির্দেশনা দেন তিনি।
অধিবেশনে গৃহীত ৯ দফা প্রস্তাবে সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন এবং কোরআন-সুন্নাহবিরোধী সব আইন বাতিল করার দাবি জানানো হয়। পাশাপাশি ইসলাম অবমাননার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়ন এবং জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
আন্তর্জাতিক প্রসঙ্গে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ, স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি এবং ভারতে মুসলিম নিপীড়ন বন্ধে বিশ্ব সম্প্রদায়ের ভূমিকা পালনের দাবি জানানো হয়। একই সঙ্গে হবিগঞ্জসহ বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মসূচিতে হামলার নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি করেন নেতারা।
দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় অধিবেশনে আরও বক্তব্য দেন অভিভাবক পরিষদের সদস্য মাওলানা আকরাম আলী, নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা আলী উসমান, মুফতি সাঈদ নূর এবং মাওলানা কোরবান আলী কাসেমীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন মাওলানা মামুনুল হক। সংবিধানে ইসলামি বিধান অন্তর্ভুক্তিসহ ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।


0 Comments