চট্টগ্রামের পটিয়ায় কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে মারধরের ঘটনায় মোহাম্মদ তোহা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজীর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তোহা ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে এবং পটিয়া ‘অ্যাডভোকেট ক্লার্কস’ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তোহার বাড়ির গাছ থেকে কলা চুরি হওয়ার ঘটনায় তিনি প্রতিবেশী এজাহার মিয়ার পরিবারের সদস্যদের ওপর সন্দেহ পোষণ করেন। এ নিয়ে কথা বলতে গেলে এজাহার মিয়ার ছেলে আনোয়ার হোসেনের সাথে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কিল-ঘুষি ও টর্চলাইটের আঘাতে তোহা গুরুতর আহত হন। পরে তাকে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শফিক উল্লাহ জানান, কলা চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক মহিউদ্দিন জানান, ঘর তল্লাশি করা নিয়ে ঝগড়ার একপর্যায়ে তোহা মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত আনোয়ার হোসেনকে (২৯) আটক করে পুলিশে সোপর্দ করেছে। তবে এজাহার মিয়ার পরিবারের অন্য সদস্যরা বর্তমানে পলাতক রয়েছেন। নিহতের ভগ্নিপতি মোহাম্মদ সুমন দাবি করেছেন, কলা চুরির ঘটনার প্রত্যক্ষদর্শী রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
চট্টগ্রামের পটিয়ায় কলা চুরির অভিযোগ নিয়ে বিরোধের জেরে মারধরে মোহাম্মদ তোহা নামে এক আইনজীবী সহকারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আনোয়ার হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।


0 Comments