জনপ্রিয় গার্ল গ্রুপ ক্যাটসআইয়ের সদস্য সোফিয়া লাফোর্তেজা মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য সাময়িক বিরতি গ্রহণ করেছেন। এই সময়ে তিনি দলের কোনো প্রচারমূলক কার্যক্রমে অংশ নেবেন না বলে জানানো হয়েছে।
গত শুক্রবার ভক্তদের প্ল্যাটফর্ম উইভার্সে সোফিয়ার লেবেল হাইবে এক্স জেফেন রেকর্ডস একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে জানানো হয়, সোফিয়ার মানসিক স্বাস্থ্য ও সুস্থতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে দীর্ঘ সময়ের বিশ্রাম ও নিয়মিত যত্নে থাকার কথা বলা হয়েছে। আগামী সেপ্টেম্বরে তাঁর শারীরিক ও মানসিক অবস্থা পুনরায় মূল্যায়ন করা হবে।
সোফিয়া তাঁর ব্যক্তিগত ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিরতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিদ্ধান্তটি নেওয়া সহজ ছিল না, তবে বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যের যত্ন নেওয়াই তাঁর কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। ভবিষ্যতে নিজের কাজ দীর্ঘস্থায়ী করতে এখন মন ও শরীরের যত্ন নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। সুস্থ হয়ে আরও শক্তিশালীভাবে ফিরে আসার আশাবাদও ব্যক্ত করেছেন এই গায়িকা।
২০২৩ সালে ছয় সদস্য নিয়ে ক্যাটসআই গঠিত হয়। সোফিয়া ছাড়াও দলে রয়েছেন লারা, ড্যানিয়েলা, মানন, মেগান ও ইউনচে। ‘গনার্লি’, ‘পিঙ্কি আপ’ ও ‘গ্যাব্রিয়েলা’র মতো জনপ্রিয় গান দিয়ে দলটি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছে। গত বছর তারা দুটি বিভাগে গ্র্যামি মনোনয়নও লাভ করে।
এর আগে গত ফেব্রুয়ারিতে দলের আরেক সদস্য মানন ব্যানারম্যানও স্বাস্থ্যগত কারণে বিরতিতে গিয়েছিলেন, যিনি এখনো কাজে ফেরেননি। সোফিয়ার অনুপস্থিতিতে বর্তমানে চার সদস্যকে নিয়ে ক্যাটসআই তাদের কার্যক্রম চালিয়ে যাবে।
মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে জনপ্রিয় গার্ল গ্রুপ ক্যাটসআই থেকে সাময়িক বিরতি নিলেন সোফিয়া লাফোর্তেজা। চিকিৎসকদের পরামর্শে বিশ্রাম ও নিয়মিত যত্নে থাকবেন তিনি। আপাতত চার সদস্য নিয়ে কার্যক্রম চালাবে দলটি।


0 Comments