চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতের শুরুতে প্রধানমন্ত্রী হেফাজত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তারা পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে দুপুর ৩টার দিকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের পেলাগাজী সিঅ্যান্ডবি মাঠে পৌঁছান। সেখান থেকে সড়কপথে তিনি বাবুনগর মাদ্রাসায় যান। মাদ্রাসায় পৌঁছালে তাঁকে স্বাগত জানান মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজত আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আইয়ুব বাবুনগরী।
মাদ্রাসার অতিথি কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রী ও হেফাজত আমিরের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, "হুজুরের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়েছে। তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী।" বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও মতবিনিময় হওয়ার কথা রয়েছে।
উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমান। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সকাল থেকেই মাদ্রাসা ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। স্থানীয় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মধ্যে এই সাক্ষাৎ ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায়।
চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজত আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবুনগর মাদ্রাসায় অনুষ্ঠিত এই বৈঠকে তিনি হেফাজত আমিরের স্বাস্থ্যের খোঁজ নেন।


0 Comments