রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৫০৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য নিশ্চিত করেছেন। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪৪ জন এবং মতিঝিল বিভাগে ৭২ জন রয়েছেন। এছাড়া তেজগাঁও বিভাগে ৬৬, ওয়ারী বিভাগে ৫৫, গুলশান বিভাগে ৪৭, উত্তরা বিভাগে ৪০, লালবাগ বিভাগে ৩৯ এবং রমনা বিভাগে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে ৭ জনকে।
অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২৯ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২২৫ পিস ইয়াবা, ৩৫ গ্রাম হেরোইন এবং ৪৮ বোতল এস্কাফ সিরাপ। এছাড়া উদ্ধারকৃত অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে ২২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১টি পানির মোটর, ৫টি মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ ৮ হাজার ৭৫০ টাকা এবং ছুরি, সুইচ গিয়ার ও ইলেকট্রিক শর্ট দেওয়ার যন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিশেষ অভিযানে ৫০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ দায়ের করা হয়েছে ৩৫টি মামলা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


0 Comments