ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ দিতে এক্স-এর নতুন অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস প্রোগ্রাম চালু

কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ দিতে এক্স-এর নতুন অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস প্রোগ্রাম চালু

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ করে দিতে ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস প্রোগ্রাম’ নামে নতুন একটি কর্মসূচি চালু করেছে। এই প্রকল্পের আওতায় কেবল মৌলিক লেখা, প্রতিবেদন, ছবি, ভিডিও, মিম ও অন্যান্য সৃজনশীল কাজের জন্য নির্মাতাদের অর্থ প্রদান করা হবে। একই সঙ্গে আগামী ৭ সেপ্টেম্বর থেকে বর্তমানের ‘রেভিনিউ শেয়ারিং প্রোগ্রাম’ কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে প্ল্যাটফর্মটিতে নিম্নমানের কনটেন্ট জনপ্রিয় হলেও তা থেকে আর আয় করা সম্ভব হবে না।

এক্স-এর তথ্য অনুযায়ী, নির্মাতারা তাদের কনটেন্টের যোগ্য প্রদর্শনের ভিত্তিতে অর্থ আয় করতে পারবেন। নিজস্ব লেখা, প্রতিবেদন, ছবি, ভিডিও এবং নিজে তৈরি করা মিম বা ইলাস্ট্রেশনকে মৌলিক কনটেন্ট হিসেবে বিবেচনা করা হবে। অন্যের তৈরি কনটেন্ট ব্যবহার করেও এই কর্মসূচির আওতায় আয়ের সুযোগ থাকছে, তবে সেক্ষেত্রে কেবল কনটেন্ট পুনরায় প্রকাশ করলেই হবে না। এর সঙ্গে অর্থবহ মন্তব্য, বিশ্লেষণ বা নিজস্ব দৃষ্টিভঙ্গি যুক্ত করতে হবে। অন্যের ছবি বা ভিডিওতে সৃজনশীল সম্পাদনা করলেও সেটি মৌলিক হিসেবে বিবেচিত হতে পারে। তবে শুধু ক্যাপশন যুক্ত করে অন্যের কনটেন্টের বর্ণনা দিলে তা থেকে আয়ের সুযোগ থাকবে না। অর্থাৎ অন্যের কাজে উল্লেখযোগ্য নতুনত্ব বা মূল্য যোগ না হলে সেটি আয়ের যোগ্য হবে না।

এই রিওয়ার্ড প্রোগ্রামে অংশ নিতে নির্মাতাদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং আয়ের সুবিধা চালু রয়েছে এমন দেশে বসবাস করতে হবে। পাশাপাশি এক্স-এর প্রিমিয়াম, প্রিমিয়াম প্লাস অথবা প্রিমিয়াম বিজনেস সাবস্ক্রিপশন ব্যবহার করা বাধ্যতামূলক। এছাড়া ব্যবহারকারীর অন্তত ৫০০ জন ভেরিফায়েড ফলোয়ার এবং গত ৯০ দিনে ভেরিফায়েড ব্যবহারকারীদের কাছ থেকে হোম টাইমলাইনে অন্তত ৫ লাখ ভিউ থাকতে হবে। আয়ের হিসাবের ক্ষেত্রে কেবল প্রিমিয়াম ব্যবহারকারীদের কাছ থেকে পাওয়া ভিউগুলোই বিবেচনায় নেওয়া হবে।

উল্লেখ্য, গত মার্চ মাসে আয় ভাগাভাগির নীতিতে পরিবর্তন এনেছিল এক্স, যেখানে ব্যবহারকারীর নিজ অঞ্চলের দর্শকদের সম্পৃক্ততাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। নতুন এই রিওয়ার্ড প্রোগ্রামেও আগের মতো আঞ্চলিক দর্শকদের গুরুত্ব দেওয়া হবে কি না, সে বিষয়ে প্রতিষ্ঠানটি এখনো বিস্তারিত কিছু জানায়নি।

সংক্ষেপে:
কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন রিওয়ার্ড প্রোগ্রাম চালু করেছে এক্স। এখন থেকে কেবল মৌলিক লেখা, ছবি ও ভিডিওর জন্য অর্থ পাবেন নির্মাতারা। তবে বন্ধ হচ্ছে বর্তমানের রেভিনিউ শেয়ারিং কার্যক্রম।
কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ দিতে এক্স-এর নতুন অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস প্রোগ্রাম চালু

0 Comments