যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের উডব্রিজে ‘সেন্টার ফর সোসাইটি অ্যান্ড কালচার’ (সিএসসি) নামক একটি নতুন নাগরিক প্ল্যাটফর্ম ও গবেষণা উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। ‘৩৬ জুলাই: দৃঢ়তায় প্রজ্বলিত, ভবিষ্যতের জন্য একতা’ শীর্ষক এই অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে রাষ্ট্র সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন প্রবাসী বাংলাদেশিরা। সিএসসি পরিচালক মুনা হাফসার সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে যুক্ত হন চলচ্চিত্র নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি জুলাই অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে একটি অন্তর্ভুক্তিমূলক ও বাংলাদেশপন্থী সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। ‘জুলাই রেকর্ডস’-এর চেয়ারম্যান কাজী ওয়ালি উল্লাহ ভার্চুয়ালি যুক্ত হয়ে আন্দোলনের মৌখিক ইতিহাস সংরক্ষণের ওপর জোর দেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক সহকারী ফয়েজ আহমদ তৈয়ব রাষ্ট্রীয় নীতিনির্ধারণে প্রবাসী বাংলাদেশিদের মেধা ও দক্ষতাকে নিয়মতান্ত্রিকভাবে কাজে লাগানোর আহ্বান জানান।
সিএসসি ছাড়াও জুলাই হাউস, ব্যান্ড, সেভ বাংলাদেশ, সোচ্চার এবং দ্য বেঙ্গল কাউন্সিলের যৌথ সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি আরও বক্তব্য দেন জুলাই অভ্যুত্থানে শহীদ রাব্বির বোন মিম আক্তার এবং দৈনিক ওয়াদার সম্পাদক শফিকুল আলম। সিএসসির প্রধান সদস্য রেদওয়ান হোসেন তালুকদার ও মুনা হাফসা তাদের ভবিষ্যৎ সাংস্কৃতিক পরিকল্পনা তুলে ধরে সমাপনী বক্তব্য দেন। আলোচনার পাশাপাশি ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের স্মৃতি স্মরণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্রে ‘সেন্টার ফর সোসাইটি অ্যান্ড কালচার’ (সিএসসি) নামক নাগরিক প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ ও রাষ্ট্র সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।


0 Comments