বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের রেশ কাটতে না কাটতেই বড় ধরনের আইনি জটিলতায় পড়েছে আর্জেন্টিনা। ফাইনাল ম্যাচ পরবর্তী বিশৃঙ্খলা, অসৌজন্যমূলক আচরণ এবং ফকল্যান্ড ইস্যুতে রাজনৈতিক বার্তা প্রদর্শনের দায়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সহ বেশ কয়েকজন ফুটবলার ও কোচিং স্টাফের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা।
ফিফার ডিসিপ্লিনারি কমিটির তথ্য অনুযায়ী, মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে এরিক গার্সিয়ার গলা চেপে ধরা এবং গাভিকে ধাক্কা দেওয়ার মতো ঘটনা। ডিফেন্ডার নাহুয়েল মোলিনার বিরুদ্ধে স্পেনের মিডফিল্ডার রদ্রিকে ঘুষি মারা এবং শারীরিক আক্রমণের অভিযোগ রয়েছে। এছাড়া কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালা এবং মিডফিল্ডার থিয়াগো আলমাদাকেও এই তদন্তের আওতায় রাখা হয়েছে।
ব্যক্তিগত অভিযোগের পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগ তুলেছে ফিফা। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ইস্যুতে রাজনৈতিক ব্যানার প্রদর্শন, বর্ণবিদ্বেষী আচরণ এবং গ্যালারি থেকে সমর্থকদের বস্তু নিক্ষেপসহ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে স্পেনের কাছে হেরে শিরোপা হারায় আর্জেন্টিনা। ম্যাচ শেষে স্প্যানিশ খেলোয়াড়দের উদযাপনের সময় দুই দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফিফা জানিয়েছে, তাদের ডিসিপ্লিনারি ও এথিক্স প্রসিকিউটর পুরো বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেবেন, যার ভিত্তিতে পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশ্বকাপ ফাইনালের পর বড় বিপাকে আর্জেন্টিনা। ফুটবলারদের অসৌজন্যমূলক আচরণ ও রাজনৈতিক বার্তার দায়ে তদন্ত শুরু করেছে ফিফা। শাস্তির মুখে পড়তে পারেন লিয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মোলিনাসহ বেশ কয়েকজন।


0 Comments