চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দিরে দীর্ঘদিন ধরে অবস্থান করা দুটি বানর এখন তীর্থযাত্রীদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ২০০ ফুট উঁচুতে পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরে আসা দর্শনার্থীদের কাছ থেকে ফল গ্রহণ করে বানর দুটি। তবে ছবি তোলার সময় খাবার না দিলে তারা মাঝেমধ্যে ক্ষিপ্ত হয়ে ওঠে বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, মন্দিরে আসা তীর্থযাত্রীরা পূজা শেষে বানর দুটিকে বিভিন্ন ফল খেতে দিচ্ছেন। খাবার পেলে তারা শান্তভাবে হাত বাড়িয়ে তা গ্রহণ করে এবং নিরাপদ দূরত্বে গিয়ে খেতে শুরু করে। রূপনা দাস নামের এক তীর্থযাত্রী জানান, খাবার দিলে বানরগুলো খুব কাছে আসে এবং শান্ত থাকে। তবে খাবার না দিয়ে কেবল ছবি তুলতে গেলে তারা ভয় দেখানোর চেষ্টা করে।
মন্দিরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ পাল জানান, বানর দুটি দীর্ঘদিন ধরে মন্দির প্রাঙ্গণেই থাকে এবং তীর্থযাত্রীদের দেওয়া ফল খেয়ে বেঁচে থাকে। মূলত পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় খাদ্যসংকট থাকায় তারা মন্দিরের কাছাকাছি অবস্থান নিয়েছে। তারা অকারণে কাউকে বিরক্ত করে না, তবে কেউ ভয় দেখালে তারা রেগে যায়।
বন বিভাগের তথ্য অনুযায়ী, চন্দ্রনাথ পাহাড়ের বিস্তীর্ণ বনে নানা প্রজাতির বন্যপ্রাণী থাকলেও খাবারের সন্ধানে কেবল বানরই মানুষের কাছাকাছি আসে। বিশেষ করে শুষ্ক মৌসুমে বনের ভেতরে বাঁশ, কলা ও লতাগুল্মের অভাব দেখা দিলে তারা লোকালয়ে চলে আসে। মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয়দের মতে, বানরগুলো পুরো মন্দির প্রাঙ্গণে ঘুরে বেড়ালেও কখনোই মন্দিরের ভেতরে প্রবেশ করে না।
চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দিরে তীর্থযাত্রীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দুটি বানর। ফল দিলে শান্ত থাকলেও খাবার ছাড়া ছবি তুলতে গেলে ক্ষোভ প্রকাশ করছে তারা।


0 Comments