চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় অবস্থিত হাক্কানী পেপার অ্যান্ড বোর্ড মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় তিন ঘণ্টা নিরলস চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই ঘটনায় কারখানাটির প্রায় দুই কোটি টাকার মালামাল নষ্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কারখানাটির অ্যাডমিন ম্যানেজার আশরাফুল মওলা জানান, কারখানার পশ্চিম পাশে অবস্থিত ইউনিট-২ মিডিয়া ওয়েট্রেস গোডাউনে প্রথমে ধোঁয়া দেখতে পান শ্রমিকরা। তারা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুনের উৎস শনাক্ত করে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বোয়ালখালী উপজেলা ফায়ার সার্ভিসের সাব অফিসার অলক চাকমা জানান, খবর পাওয়ার পর বোয়ালখালী ও কালুরঘাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
হাক্কানী পেপার অ্যান্ড বোর্ড মিলস সূত্রে জানা গেছে, আগুনে কারখানার বেশ কিছু মূল্যবান যন্ত্রপাতি ও বৈদ্যুতিক ক্যাবল পুড়ে গেছে। এছাড়া মণ্ড তৈরির কাঁচামাল হিসেবে রাখা বিপুল পরিমাণ ওয়েস্টেজ কাগজ নষ্ট হয়েছে। কারখানা কর্তৃপক্ষের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের আনুমানিক দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চট্টগ্রামের বোয়ালখালীতে হাক্কানী পেপার মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কারখানা কর্তৃপক্ষ।


0 Comments