ঢাকার সাভারের আশুলিয়ায় এক বিএনপি নেতাকে কাফনের কাপড় ও গুলি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মেম্বার পদপ্রার্থী মো. ইসমাইল হোসেন মোল্লার বাসার ফটকে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ওই ব্যাগের ভেতর থেকে কাফনের কাপড়, একটি তাজা গুলি, আতর, গোলাপ জল, সাবান এবং একটি হুমকি সংবলিত চিঠি উদ্ধার করা হয়েছে।
ভুক্তভোগী ইসমাইল হোসেন মোল্লা জানান, শনিবার ভোর ৫টার দিকে তিনি বাসার গেটে ব্যাগটি দেখতে পান। পরে বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানানো হলে তারা এসে ব্যাগটি জব্দ করে। চিঠিতে তাকে ও তার পরিবারের সদস্যদের চলাফেরা নিয়ে সতর্ক করা হয়েছে এবং ‘অদৃশ্য মুসাফির’ পরিচয়ে তাকে পরকালে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে বিএনপি নেতা ইসমাইল হোসেন মোল্লা জানিয়েছেন, তিনি এই হুমকিতে ভীত নন এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে হুমকির চিঠিসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ঢাকার আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. ইসমাইল হোসেন মোল্লার বাসার সামনে কাফনের কাপড়, গুলি ও হুমকির চিঠি রেখে গেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল থেকে এসব সরঞ্জাম উদ্ধার করেছে।


0 Comments