চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলতি মাসেই জনপ্রিয় মহানগর এক্সপ্রেস ট্রেন যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে এই রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার সকালে কক্সবাজার সফরের অংশ হিসেবে চকরিয়া উপজেলার হারবাং রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারগামী পর্যটক ও সাধারণ যাত্রীদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় রেল যোগাযোগ সম্প্রসারণ এবং যাত্রীসেবা আধুনিকায়নে কাজ করছে সরকার। নতুন ট্রেনগুলো চালু হলে যাত্রীদের যাতায়াতের ভোগান্তি কমার পাশাপাশি টিকিটের ওপর বিদ্যমান চাপও অনেকটা হ্রাস পাবে। তিনি আরও জানান, কক্সবাজারের আইকনিক রেলস্টেশনকে আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যাত্রীসেবার মান আরও উন্নত করতে স্টেশনটির পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার প্রক্রিয়া চলছে।
রেলপথের নিরাপত্তার বিষয়ে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া রেলপথ নির্মাণের সময় রোপণ করা প্রায় ১ লাখ ৪০ হাজার গাছের বর্তমান অবস্থা যাচাই ও যথাযথ সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান, তমা কনস্ট্রাকশনের পরিচালক বিমল শাহ, প্রতিমন্ত্রীর একান্ত সচিব জাহাঙ্গীর আলম এবং ব্যক্তিগত কর্মকর্তা নাজমুল হুদাসহ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কক্সবাজার রেলপথে চলতি মাসেই যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস ও নতুন আন্তঃনগর ট্রেন। যাত্রীসেবা বাড়াতে ও টিকিট সংকট কমাতে এই উদ্যোগ নিয়েছে সরকার। বিস্তারিত জানতে সংবাদটি পড়ুন।
-6a6dca35bba83.webp)

0 Comments