রাজধানী ঢাকাসহ দেশের সব প্রান্তে পুলিশের ব্যবহৃত যানবাহনকে লক্ষ্য করে নাশকতামূলক হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উগ্রবাদী সংগঠন বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ ও বাসসহ বিভিন্ন যানবাহনে হামলা চালাতে পারে বলে গোয়েন্দা তথ্যে জানা গেছে। এই তথ্যের ভিত্তিতে শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিক নিরাপত্তা জোরদারের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের বার্তায় স্পষ্ট করা হয়েছে যে, সরকারি যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা শিথিলতা বরদাশত করা হবে না। বিশেষ করে ডিউটি চলাকালীন এবং ডিউটি শেষে পার্কিং করা গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। নির্দেশনায় বলা হয়েছে, দায়িত্ব পালনকালে কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে তা অবশ্যই নিরাপদ স্থানে রাখতে হবে এবং পুলিশের সদস্যদের সার্বক্ষণিক নজরদারিতে থাকতে হবে। চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া কোনোভাবেই পুলিশি যানবাহন ফেলে রাখা যাবে না। অর্থাৎ কোনো অবস্থাতেই পুলিশি যানবাহন অরক্ষিত রাখা যাবে না বলে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এছাড়া থানা, পুলিশলাইনস ও অফিস কম্পাউন্ডসহ নির্ধারিত স্থানে রাখা যানবাহনের নিরাপত্তা বাড়াতে নিয়মিত টহল ও বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে সতর্ক থাকতে বলা হয়েছে। পুলিশ সদর দপ্তর এই বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের কর্মকর্তাদের এই নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
নাশকতার আশঙ্কায় সারাদেশে পুলিশের যানবাহনে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উগ্রবাদী হামলার ঝুঁকি এড়াতে পুলিশ সদর দপ্তর থেকে মাঠপর্যায়ের সব ইউনিটকে কঠোর নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে।


0 Comments