ঝালকাঠিতে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বিভিন্ন দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১ আগস্ট) বিকেলে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ঝালকাঠি প্রেসক্লাব চত্বর থেকে এই কর্মসূচি শুরু হয়। মিছিলে জেলা ও উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে দ্রুত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গণহত্যার বিচারের দাবি জানান। একই সাথে তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, নায়েবে আমীর অ্যাডভোকেট আমিনুল ইসলাম এবং জেলা সেক্রেটারি ফরিদুল হক। বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও জনসম্পৃক্ত কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে ঝালকাঠিতে গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। এতে জেলা ও উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।


0 Comments