কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল নেতা মুফতি মিরাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তিনি ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন যুব আন্দোলনের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং একই ইউনিয়নের প্রকাশনা সম্পাদকের দায়িত্বে ছিলেন। শনিবার (১৮ জুলাই) বিকেলে ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দলটির সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন এবং নির্ধারিত ফরম পূরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার আমীর মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মো. তাইফুর রহমান মানিক। এসময় উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত থেকে মুফতি মিরাজুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে ন্যায়বিচার এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা এখন সময়ের দাবি। তারা আশা প্রকাশ করেন, মুফতি মিরাজুল ইসলামের সাংগঠনিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততা জামায়াতে ইসলামীর কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করবে।
যোগদান শেষে মুফতি মিরাজুল ইসলাম উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি জানান, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ার লক্ষ্যেই তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পতাকাতলে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে সাংগঠনিক দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের সমাপ্তিতে তার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মুফতি মিরাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার উপজেলা জামায়াত কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দলটিতে যোগ দেন।


0 Comments