কক্সবাজার সদর থানার দক্ষিণ পাহাড়তলী মৌলভীপাড়া এলাকায় চাঞ্চল্যকর মোহাম্মদ আলী (৩৫) হত্যা মামলার প্রধান আসামি রবিউল হাসান (২৮)-কে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ফেনীর মহিপাল বাস কাউন্টার এলাকায় র্যাব-১৫ ও র্যাব-০৭ এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত রবিউল হাসান কক্সবাজার সদর থানার দক্ষিণ পাহাড়তলী মৌলভীপাড়া এলাকার নজির আহমদের ছেলে। র্যাব সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকায় মোহাম্মদ আলীকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনার পর জড়িতরা এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপন করে। পরবর্তীতে নিহতের ভাই বাদী হয়ে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র্যাব তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, মামলার প্রধান আসামি রবিউল ফেনীতে অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে মহিপাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল হাসান এই হত্যাকাণ্ডের সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
কক্সবাজার সদরের চাঞ্চল্যকর মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি রবিউল হাসানকে ফেনী থেকে গ্রেফতার করেছে র্যাব। যৌথ অভিযানে গ্রেফতারের পর তাকে সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


0 Comments