ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

উখিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করা ৫৪ বস্তা ফসফেট সার জব্দ, আটক ১

উখিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করা ৫৪ বস্তা ফসফেট সার জব্দ, আটক ১

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করে রাখা ৫৪ বস্তা ফসফেট সার উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় পাচারচক্রের সদস্য মো. ইউনুছকে (২৪) আটক করা হলেও তার দুই সহযোগী পালিয়ে যান। আটক ইউনুছ পালংখালী ইউনিয়নের চৌখালী এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জামাল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার এসআই মো. মিজানুর রহমান ও এসআই পলাশ বড়য়ার নেতৃত্বে একটি দল গয়ালমারা এলাকায় অভিযান চালায়। প্রথমে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের পাশে ইসমাইল ও সোনা মিয়ার বাড়ির সামনে এবং পরে বাড়ির পেছনে একটি টিনশেড গুদামে তল্লাশি চালিয়ে ৫৪ বস্তা সার জব্দ করা হয়। অভিযানের সময় মো. ইউনুছকে আটক করা সম্ভব হলেও অভিযুক্ত মো. ইসমাইল (২৮) ও মো. সোনা মিয়া (৩২) পালিয়ে যেতে সক্ষম হন।

পুলিশের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে সার পাচার করে আসছিলেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, আটক ও পলাতক তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংক্ষেপে:
উখিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করা ৫৪ বস্তা ফসফেট সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হলেও পালিয়েছেন দুই সহযোগী। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উখিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করা ৫৪ বস্তা ফসফেট সার জব্দ, আটক ১

0 Comments