পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তান নিজেদের আলাদা রাষ্ট্র হিসেবে স্বাধীনতা ঘোষণা করেছে বলে একটি বিবৃতি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। 'বেলুচিস্তান প্রজাতন্ত্র' নামে প্রকাশিত ওই ভাইরাল বিবৃতিতে দাবি করা হয়েছে, তারা এই অঞ্চলের ৮৫ শতাংশের বেশি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। একই সঙ্গে নিজস্ব জাতীয় পতাকা, জাতীয় সংগীত, নতুন মুদ্রা এবং স্বাধীন প্রশাসনিক কাঠামো চালুর ঘোষণাও দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, নতুন প্রশাসন বেলুচিস্তানের খনিজ সম্পদ, গ্যাসক্ষেত্র ও কয়লাখনির পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। তাদের দাবি অনুযায়ী, সোনা ও তামার খনিসহ ১৫০টিরও বেশি গ্যাসক্ষেত্র এবং ১,২০০টির বেশি সচল কয়লাখনি এখন তাদের অধীনে রয়েছে। এছাড়া পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর কিছু কর্মকর্তা পদত্যাগ করে তাদের সাথে যোগ দিয়েছেন বলেও দাবি করা হয়েছে। ২০২৬ সালের মধ্যে পাকিস্তানি বাহিনীকে অঞ্চল থেকে সরিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে বলে বিবৃতিতে জানানো হয়।
বেলুচ নেতা মীর ইয়ার বেলুচ দাবি করেছেন, পাকিস্তান সেনাবাহিনী ধীরে ধীরে বেলুচিস্তানের বিভিন্ন অঞ্চলে নিয়ন্ত্রণ হারাচ্ছে এবং সাধারণ মানুষ এখন প্রতিরোধ আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। স্বঘোষিত এই বেলুচিস্তান প্রজাতন্ত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্বীকৃতি চেয়েছে এবং প্রতিবেশী দেশগুলোকে আশ্বস্ত করেছে যে তাদের ভূখণ্ড পাকিস্তানের সামরিক তৎপরতার জন্য ব্যবহৃত হবে না।
তবে ভারতীয় সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮ জানিয়েছে, তারা এই ভাইরাল বিবৃতির সত্যতা নিশ্চিত করতে পারেনি। দীর্ঘদিন ধরে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতা চললেও এই স্বাধীনতার দাবির বিষয়ে এখন পর্যন্ত পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পাকিস্তানের বেলুচিস্তানে আলাদা রাষ্ট্র হিসেবে স্বাধীনতা ঘোষণার দাবি করে একটি বিবৃতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ৮৫ শতাংশ এলাকা নিয়ন্ত্রণের পাশাপাশি নতুন মুদ্রা ও পতাকা চালুর দাবি করা হয়েছে।


0 Comments