আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে একাধিক সম্মাননা অর্জনের পর এবার বিশ্বব্যাপী বাণিজ্যিক যাত্রা শুরু করেছে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি নির্মাতা মো. আরমান আলীর আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত প্রজেক্ট ‘শেডস অব স্যাডনেস’। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশনা প্রতিষ্ঠান ফিল্মহাবের মাধ্যমে ছবিটির আন্তর্জাতিক বাণিজ্যিক মুক্তি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ওটিটি প্ল্যাটফর্ম ‘রিলে’-তে ছবিটি স্ট্রিমিং হচ্ছে।
বিশ্বজুড়ে ডিজিটাল প্ল্যাটফর্মে ছবিটির প্রচার ও প্রসারের লক্ষ্যে আন্তর্জাতিক ওটিটি নেটওয়ার্ক ফিল্মজির সঙ্গে আনুষ্ঠানিক লাইসেন্সিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্ল্যাটফর্মটিতে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়া বিশ্বের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও এবং রিডিস্কোভার টেলিভিশনে বাণিজ্যিক সম্প্রচারের জন্য ছবিটি বর্তমানে মূল্যায়ন ও পিচিং পর্যায়ে রয়েছে।
প্রচলিত ধারার চলচ্চিত্রের বাইরে ‘শেডস অব স্যাডনেস’ মূলত একটি আবেগঘন ভিডিও ডায়েরি প্রজেক্ট হিসেবে নির্মিত হয়েছে। এতে বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষের একাকীত্ব, গভীর শোক, মানসিক অবসাদ এবং সেই সংকট কাটিয়ে ওঠার মনস্তাত্ত্বিক সংগ্রামের গল্প ফুটে উঠেছে। যুক্তরাজ্যের ক্যান্টারবারি ক্রাইস্ট চার্চ ইউনিভার্সিটি থেকে চলচ্চিত্র ও গণমাধ্যম নির্মাণ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করা নির্মাতা আরমান আলীর এই কাজ ইতোমধ্যেই আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে। এটি সুইডিশ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা প্রামাণ্যচিত্র পুরস্কার এবং স্টকহোম সিটি ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ সম্মাননা অর্জন করেছে।
নিজের এই সৃষ্টি নিয়ে নির্মাতা মো. আরমান আলী বলেন, একটি সঠিক বাণিজ্যিক মুক্তির জন্য আমি বেশ কিছুদিন অপেক্ষা করছিলাম। এটি প্রথাগত সিনেমার চেয়ে মানুষের ভেতরের অব্যক্ত অনুভূতির একটি ভিডিও ডায়েরি। বর্তমানে এটি রিলে-তে স্ট্রিমিং হচ্ছে এবং অ্যামাজন প্রাইমের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে মূল্যায়নের অধীনে রয়েছে। এটি প্রমাণ করে যে, মানুষের জীবনের সত্য গল্পের আবেদন বিশ্বজনীন। বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করা ‘শেডস অব স্যাডনেস’ বর্তমানে রিলে অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাচ্ছে।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাফল্যের পর এবার বিশ্বজুড়ে বাণিজ্যিক যাত্রা শুরু করেছে বাংলাদেশি নির্মাতা মো. আরমান আলীর প্রজেক্ট শেডস অব স্যাডনেস। বর্তমানে এটি যুক্তরাষ্ট্রের ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে।


0 Comments