মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমারের খেলা নিয়ে যে গুঞ্জন ছিল, তা শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবরের পর এবার খোদ কোচ কার্লো আনচেলত্তিও একই ইঙ্গিত দিয়েছেন। সংবাদ সম্মেলনে ইতালিয়ান এই কোচ জানিয়েছেন, নেইমার আগামী সপ্তাহে দলের সঙ্গে নিয়মিত অনুশীলনে ফিরবেন। এর ফলে আগামী রোববার ভোর চারটায় মরক্কোর বিপক্ষে ম্যাচে এই তারকা ফরোয়ার্ডের খেলার কোনো সম্ভাবনা নেই।
নেইমারের বর্তমান অবস্থা সম্পর্কে আনচেলত্তি বলেন, তিনি দ্রুত সুস্থ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন এবং আশা করা হচ্ছে আগামী সপ্তাহেই তিনি দলীয় অনুশীলনে যোগ দেবেন। পূর্ণ ফিট না থাকা সত্ত্বেও নেইমারকে বিশ্বকাপ দলে রাখার কারণ ব্যাখ্যা করে কোচ জানান, শুধু কারিগরি দক্ষতা নয়, বরং তার অভিজ্ঞতা এবং তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করার ক্ষমতার কথা বিবেচনা করেই তাকে দলে নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে ব্রাজিলের প্রস্তুতি ক্যাম্পে নেইমারকে এখনো ফুটবল বুট পরে মাঠে নামতে দেখা যায়নি। সতীর্থদের সঙ্গে বল নিয়ে কিছুটা কাজ করলেও তিনি মূলত রানিং শু ব্যবহার করছেন এবং ফিজিওথেরাপিতে বেশি সময় দিচ্ছেন। গত ১৭ মে সান্তোস এফসির হয়ে খেলার সময় পায়ের পেশিতে চোট পান তিনি। শুরুতে চোটটি সাধারণ মনে হলেও জাতীয় দলের ক্যাম্পে পরীক্ষার পর গ্রেড-টু ইনজুরি ধরা পড়ে।
নেইমারের অনুপস্থিতিতে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশে গোলরক্ষক হিসেবে আলিসন বেকার থাকতে পারেন। রক্ষণভাগে দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও আলেক্স সান্দ্রোর খেলার সম্ভাবনা রয়েছে। মাঝমাঠে কাসেমিরো ও ব্রুনো গিমারেসের পাশাপাশি আক্রমণভাগে দেখা যেতে পারে লুকাস পাকেতা, মাতেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়াকে।
মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার আগামী সপ্তাহে অনুশীলনে ফিরবেন। দলের সেরা তারকাকে ছাড়াই মিশন শুরু করছে সেলেসাওরা।

0 Comments