দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইন ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রতিবেশী দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে কথিত অবৈধ নাগরিকদের বাংলাদেশে পুশ ইনের খবর প্রকাশিত হওয়ার পর সীমান্ত এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) তাদের আওতাধীন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করেছে। বিশেষ করে নদীপথ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে দিন-রাত সমানতালে পাহারা দেওয়া হচ্ছে। জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির উপস্থিতি আরও দৃশ্যমান করতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অনুপ্রবেশ মোকাবিলায় বিজিবি সদস্যরা সজাগ রয়েছেন। বাহিনীর তৎপরতার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় জনসচেতনতামূলক সভা, মাইকিং ও গণসংযোগের মাধ্যমে সন্দেহভাজন কাউকে দেখলে দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানানো হয়েছে। ৪২ বিজিবি ব্যাটালিয়ন জানিয়েছে, সীমান্ত সুরক্ষায় তারা কঠোর অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয়দের সচেতন করতে কাজ করছে ৪২ বিজিবি ব্যাটালিয়ন।

0 Comments