সাভারের ব্যাংক কলোনী এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা জেলা উত্তর এনসিপির যুবশক্তির সাবেক আহ্বায়ক সেঁজুতি হোসাইনের নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার (২৬ জুন) দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। অনুষ্ঠানের শুরুতে সেঁজুতি হোসাইন ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানান এবং আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।
যোগদান অনুষ্ঠানে সেঁজুতি হোসাইন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে বিএনপির আদর্শ ও গণতান্ত্রিক কর্মসূচির প্রতি আস্থা রেখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে আরও গতিশীল করতে এবং দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে তিনি রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল এবং যারা জনগণের কল্যাণে কাজ করতে চান তাদের জন্য দলের দরজা সবসময় খোলা। তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপি ত্যাগী ও যোগ্য নেতৃত্বকে যথাযথ মূল্যায়ন করে। জুলাই আন্দোলনের যোদ্ধাসহ যারা দলের আদর্শে বিশ্বাসী, তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন এবং সাভার থানা ছাত্রদলের সভাপতি মাশফি আহমেদসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাভার-আশুলিয়া অঞ্চলে এই গণযোগদান স্থানীয় রাজনীতিতে নতুন প্রভাব ফেলতে পারে।
সাভারে সাবেক এনসিপি নেত্রী সেঁজুতি হোসাইনের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর হাতে ফুল দিয়ে তারা এই যোগদান সম্পন্ন করেন।


0 Comments