গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র হেডকোয়ার্টার্সে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে। ওয়ালটনের এনভায়রনমেন্ট, হেল্থ অ্যান্ড সেইফটি (ইএইচএস) বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে রোববার বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্য ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ সামনে রেখে সকালে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। গত ১৯ মে থেকে শুরু হওয়া এই মাসব্যাপী আয়োজনে স্থানীয় বিশাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম, কুইজ প্রতিযোগিতা এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়া কারখানার আশপাশের এলাকা থেকে প্লাস্টিক সংগ্রহ ও রিসাইকেলসহ স্থানীয়দের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইউসুফ আলী বলেন, ওয়ালটন কেবল পণ্য উৎপাদন নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় শুরু থেকেই প্রতিশ্রুতিবদ্ধ। তিনি কারখানায় বর্জ্য শোধন ও কার্বন নিঃসরণ কমিয়ে গ্রিন ফ্যাক্টরি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। ইএইচএস বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান রাজু জানান, শিল্পাঞ্চলে পরিবেশের নেতিবাচক প্রভাব রোধে আন্তর্জাতিক মানদণ্ড মেনে ক্ষতিকর রাসায়নিক ব্যবস্থাপনা ও বর্জ্য পুনর্ব্যবহার নিশ্চিত করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রেফ্রিজারেটর প্রোডাকশন বিভাগের প্রধান নাসির উদ্দীন, মানব সম্পদ বিভাগের প্রধান কাউসার উদ্দীন চৌধুরী এবং প্রশাসন বিভাগের প্রধান তানভীর আহম্মেদ। ওয়ালটন পরিবারের সদস্যগণ ব্যানার ও ফেস্টুন হাতে বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন।
গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে মাসব্যাপী বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হচ্ছে। বৃক্ষরোপণ, র্যালি ও সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে পরিবেশ সুরক্ষায় নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

0 Comments