চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’ নামক একটি প্ল্যাটফর্ম। শুক্রবার রাজধানীর মালিবাগ মোড়ের ফালাহিয়া চত্বরে আয়োজিত এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। পরে সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হয়েছে।
সমাবেশে সংগঠনের আহ্বায়ক মুহাম্মদ আরিফ আল খবির বলেন, নিউমুরিং টার্মিনাল একটি লাভজনক ও অত্যাধুনিক স্থাপনা। এমন একটি প্রতিষ্ঠান ইজারা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশলের প্রভাব রয়েছে এবং বাংলাদেশকে অন্য দেশের বিরুদ্ধে প্রক্সি হিসেবে ব্যবহারের চেষ্টা চলছে।
সংগঠনের সদস্যসচিব কাজী আহমাদ বলেন, ডিপি ওয়ার্ল্ড আরব আমিরাতের কোম্পানি হলেও তারা ইসরায়েল ও আমেরিকার সাথে আব্রাহাম অ্যাকর্ড চুক্তিতে যুক্ত। এর ফলে তারা এ দেশে এসে ইসলাম ও মুসলিম স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে ছয় দফা দাবি পেশ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিল, এপিএম টার্মিনালের সাথে লালদিয়া টার্মিনাল ও মেঘালয়ের সাথে পানগাঁও টার্মিনাল চুক্তি বাতিল এবং দেশীয় অপারেটর দিয়ে বন্দরের সব টার্মিনাল পরিচালনা করা।
এছাড়া পলাশবাড়ীতে উসকানিমূলক স্থাপনা অপসারণ, জলাতঙ্ক রোধে বেওয়ারিশ কুকুর নিধন এবং বিদেশি রাষ্ট্রের পতাকা ওড়ানো বন্ধের দাবিও জানানো হয় সমাবেশ থেকে।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশীয় অপারেটর ব্যবহারের আহ্বান জানান তারা।

0 Comments