আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত চুরি ও অর্থপাচারের কারণেই বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে সাধারণ মানুষ চাপের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার সকালে সচিবালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তথ্যমন্ত্রী জানান, বিগত সরকারের আমলের দুর্নীতি ও অর্থপাচারের আর্থিক দায়ভার বর্তমান সরকারকেও বহন করতে হচ্ছে। তবে সাধারণ মানুষের কথা চিন্তা করে দেশের প্রায় ৬৫ শতাংশ মানুষকে মূল্যবৃদ্ধির প্রভাব থেকে সুরক্ষা দিতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আরও উল্লেখ করেন যে, দীর্ঘদিনের এই দুর্নীতির চক্র থেকে দ্রুত বের হয়ে আসা একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের দাম সমন্বয় করলেও নিম্ন আয়ের মানুষের স্বার্থে শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বর্ধিত মূল্য প্রত্যাহার করা হয়েছে। ফলে এই শ্রেণির গ্রাহকদের বাড়তি বিল দিতে হবে না। এছাড়া অকটেন ও পেট্রোলের দাম বাড়লেও ডিজেলের দাম দ্বিতীয় দফায় বাড়ানো হয়নি। তিনি অভিযোগ করেন, অতীতে নির্দিষ্ট কিছু ব্যবসায়ী গোষ্ঠীকে সুবিধা দিতে বিদ্যুৎ খাতকে আমদানিনির্ভর করে রাখা হয়েছিল, যার নেতিবাচক প্রভাব এখনও অর্থনীতিতে পড়ছে।
বিগত সরকারের দুর্নীতি ও অর্থপাচারের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান অস্থিরতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তবে সাধারণ গ্রাহকদের সুরক্ষায় সরকার নানা পদক্ষেপ নিয়েছে।

0 Comments