আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে খুচরা পর্যায়ে দশমিক ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) আদায়ের বিধান প্রত্যাহারের দাবি জানিয়েছে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)। সংগঠনটি এই বাধ্যবাধকতা বাস্তবায়নকে একটি বড় ধরনের পরিচালনগত চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে।
গত বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট নিয়ে নিজেদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এফআইসিসিআই জানায়, সরকারের নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং প্রযুক্তিভিত্তিক সংস্কার বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বৃদ্ধি করবে। বিশেষ করে সরকারের কৌশলগত ‘থ্রি আর’ (রিকভারি, রিস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন) ফ্রেমওয়ার্ক এবং করব্যবস্থার আধুনিকায়ন বা ডিজিটালাইজেশন দেশের বিনিয়োগ পরিবেশের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।
সংগঠনটি অর্থ বিল ২০২৬ কে একটি ইতিবাচক, প্রগতিশীল এবং ব্যবসাবান্ধব উদ্যোগ হিসেবে অভিহিত করেছে। তাদের মতে, এই উদ্যোগ বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে সাহায্য করবে। তবে দেশের সামগ্রিক ব্যবসা ও বিনিয়োগ পরিবেশের কিছু সুনির্দিষ্ট দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এই চেম্বার।
আগামী অর্থবছরের বাজেটে খুচরা পর্যায়ে অগ্রিম আয়কর আদায়ের নিয়মকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে এফআইসিসিআই। এই বিধান প্রত্যাহারের দাবির পাশাপাশি কর ব্যবস্থার ডিজিটালাইজেশনকে স্বাগত জানিয়েছে সংগঠনটি।

0 Comments