যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮১তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার পৃথক ফোনালাপে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক ও চলমান ইউক্রেন যুদ্ধ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ক্রেমলিনের তথ্য অনুযায়ী, পুতিন ও ট্রাম্পের মধ্যে প্রায় এক ঘণ্টা আলাপ হয়। এ সময় ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মস্কো ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক নিয়ে কথা বলেন পুতিন। ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ জানান, আলোচনায় ট্রাম্প আবারও ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। এছাড়া মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শিগগিরই রাশিয়া সফর করবেন বলে দুই নেতা একমত হয়েছেন। পুতিন জানিয়েছেন, জেলেনস্কি বৈঠক করতে চাইলে তাকে মস্কোতে আসতে হবে, যদিও জেলেনস্কি এই প্রস্তাব আগে থেকেই প্রত্যাখ্যান করে আসছেন।
অন্যদিকে, ক্রেমলিনের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে ট্রাম্প পুতিনকে জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ সংক্রান্ত একটি চুক্তি চূড়ান্ত হয়েছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
একই দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ট্রাম্পকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানান। জেলেনস্কি জানান, তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ফ্রান্সে অনুষ্ঠিতব্য আসন্ন জি-৭ সম্মেলনে দুই নেতার সাক্ষাতে এসব বিষয়ে আরও বিশদ আলোচনার পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
৮১তম জন্মদিনে পুতিন ও জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বললেন ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় গুরুত্ব পেয়েছে ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার বিষয়টি। এছাড়া মার্কিন প্রতিনিধিদের রাশিয়া সফরের সিদ্ধান্ত হয়েছে।


0 Comments