মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কার্যক্রমের সূচনা করেন। সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমীন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। এছাড়াও সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু, নাসির উদ্দিন আহমেদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
পাইলটিং কর্মসূচির এই পর্যায়ে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫৫ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী উদ্বোধনের পরপরই ভাতার অর্থ সরাসরি উপকারভোগীদের মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে পৌঁছে যায়। অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী নিজ হাতে ১৫৫ জন নারীর হাতে এই কার্ড তুলে দেন।
ফ্যামিলি কার্ডের পাশাপাশি প্রধানমন্ত্রী বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য এককালীন আর্থিক অনুদান এবং চা শ্রমিকদের টেকসই আবাসনের বরাদ্দপত্র বিতরণ করা হয়। কার্ড হাতে পেয়ে উপকারভোগী গিতা রাণী কর জানান, এই অর্থ দিয়ে তিনি সন্তানের পড়াশোনার খরচ মেটাবেন এবং হাঁস-মুরগি পালন করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন। এই সহায়তার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৫৫ জন উপকারভোগীর মাঝে কার্ড বিতরণের পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুদানও প্রদান করা হয়।


0 Comments