নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মোতাহার হোসেন তালুকদার। গত বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে জানানো হয়, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর ৮(১) ধারা অনুযায়ী তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, মোতাহার হোসেন তালুকদারকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। গ্রেড-২ পদমর্যাদার এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। উল্লেখ্য, মোতাহার হোসেন তালুকদার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর মোতাহার হোসেন তালুকদার জানান, প্রধানমন্ত্রীর দেওয়া আস্থার প্রতিদান দিতে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। তিনি ময়মনসিংহকে একটি পরিকল্পিত ও দৃষ্টিনন্দন শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ব্যক্ত করেন। বিশেষ করে ব্রহ্মপুত্র নদের ওপারের এলাকাকে কাজে লাগিয়ে একটি আধুনিক ও মনোরম নগরী প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন তিনি।
এর আগে গত ১২ জানুয়ারি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠন করা হয়। এই কর্তৃপক্ষের মূল লক্ষ্য হলো ময়মনসিংহ মহানগর ও পার্শ্ববর্তী এলাকার পরিবেশ রক্ষা, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা, অবকাঠামো উন্নয়ন এবং একটি আধুনিক মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা।
নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মোতাহার হোসেন তালুকদার। এক বছরের জন্য তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। পরিকল্পিত নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

0 Comments