Recents in Beach

ব্রেকিং নিউজ

নেত্রকোণার কলমাকান্দায় ছেলের অপকর্মের দায়ে ইউনিয়ন বিএনপি সভাপতির পদ হারালেন গেদু মিয়া

নেত্রকোণার কলমাকান্দায় ছেলের অপকর্মের দায়ে ইউনিয়ন বিএনপি সভাপতির পদ হারালেন গেদু মিয়া

নেত্রকোণার কলমাকান্দায় নিজ সন্তানের বিতর্কিত কর্মকাণ্ডের জেরে দলীয় পদ হারিয়েছেন খারনৈ ইউনিয়ন বিএনপির সভাপতি গেদু মিয়া। এক মাওলানাকে প্রাণনাশের হুমকি ও গালমন্দ করার ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর শনিবার রাতে তাকে সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেয় উপজেলা বিএনপি। কলমাকান্দা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিহাদ খান (মিতুল) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গেদু মিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং নৈতিক অবক্ষয়জনিত কারণে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। অভিযোগ রয়েছে, মাদক সংক্রান্ত বিষয়ে পুলিশকে তথ্য দেওয়ায় মাওলানা শফিকুল ইসলামকে বিভিন্ন নম্বর থেকে ফোন করে গালমন্দ ও হুমকি দেন গেদু মিয়ার ছেলে হৃদয়। এই ঘটনার কয়েকটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল সরকার জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে।

সংক্ষেপে:
নেত্রকোণার কলমাকান্দায় ছেলের অপকর্মের জেরে দলীয় পদ হারালেন বিএনপি নেতা গেদু মিয়া। মাওলানাকে হুমকির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে অব্যাহতি দিয়ে বাবুল মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments