ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করতে মৌলভীবাজার সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকাল ৮টা ২০ মিনিটের দিকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেনের স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ঢাকা থেকে বিমানে সিলেট পৌঁছান এবং পরবর্তীতে সড়ক পথে নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হন। নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এরপর বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অপর একটি বিতরণ অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজারের দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। তার এই সফরকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনভর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বিকেলে তিনি একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন।


0 Comments