জাতীয় সংসদে বাংলা ও ইংরেজি ভাষার সংমিশ্রণে বক্তব্য দিয়ে আলোচনায় আসা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিনা খানের প্রতি সমর্থন জানিয়েছেন জামায়াতের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ। বুধবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এই অবস্থান ব্যক্ত করেন।
ফেসবুক পোস্টে মারদিয়া মমতাজ উল্লেখ করেন, একজন বক্তার বক্তব্যের বিষয়ের সাথে দ্বিমত থাকতে পারে এবং সেটি নিয়ে আলোচনা করা যেতে পারে। তবে কারও পোশাক বা ভাষা নিয়ে মন্তব্য করাকে তিনি অপ্রয়োজনীয় বলে অভিহিত করেন। তিনি মনে করেন, এ ধরনের আচরণ সংশ্লিষ্ট ব্যক্তির রুচি ও বিচারবুদ্ধির পরিচয় দেয়।
জেবা আমিনা খানের দীর্ঘ সময় প্রবাসে থাকার বিষয়টি উল্লেখ করে মারদিয়া মমতাজ বলেন, তার ভাষায় বাংলা ও ইংরেজির মিশ্রণ থাকাটা স্বাভাবিক। তিনি আরও জানান, জেবা আমিনা খান যে জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, সেগুলো অত্যন্ত দুঃখজনক। বিশেষ করে শত শত কিলোমিটার কাঁচা রাস্তার কারণে সাধারণ মানুষের ভোগান্তি এবং সরকারি সেবা পৌঁছাতে বিলম্ব হওয়ার বিষয়টি গুরুত্বের দাবি রাখে।
পোস্টের শেষ দিকে মারদিয়া মমতাজ আরও লেখেন, যারা জনসমক্ষে অন্য কোনো নারীর পোশাক বা কথা বলার ধরন নিয়ে কটাক্ষ করেন, তাদের পরিবারের সদস্যদের প্রতি তিনি সমবেদনা প্রকাশ করেন।
সংসদে জেবা আমিনা খানের মিশ্র ভাষার বক্তব্যের সমালোচনা নয়, বরং উত্থাপিত জনদুর্ভোগের বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত এমপি মারদিয়া মমতাজ। পোশাক বা ভাষা নিয়ে কটাক্ষ করাকে তিনি কুরুচিপূর্ণ বলে মন্তব্য করেন।


0 Comments