রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর আজীবন দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এই তথ্য জানান। তিনি নিজেকে ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যকার একজন মধ্যস্থতাকারী হিসেবে পরিচয় দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মৃত নবজাতকদের পরিবারের সদস্যরা আদ্-দ্বীন হাসপাতালে আজীবন ওষুধ ছাড়া সব রোগের বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন। এছাড়া তাদের পরিবারের সদস্যরা আদ্-দ্বীন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে বিনা বেতনে পড়ার সুযোগ এবং যোগ্যতাসম্পন্ন সদস্যদের হাসপাতালে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি পরিবারগুলোকে উপযুক্ত ও সম্মানজনক ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে কর্তৃপক্ষ।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া লাইসেন্স বাতিলের কারণ দর্শানো নোটিশকে বেআইনি বলে দাবি করেন অ্যাডভোকেট শিশির মনির। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে অক্সিজেনের স্বল্পতার কথা বলা হলেও এর সুনির্দিষ্ট মাত্রা বা বৈজ্ঞানিক ব্যাখ্যা উল্লেখ করা হয়নি। এই নোটিশের জবাব রোববার বিকেল ৫টার মধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে বলেও তিনি জানান।
আদ্-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর জানান, নবজাতক মৃত্যুর ঘটনায় একজন সিনিয়র স্টাফ নার্স ও একজন পরিবেশকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া সংবাদকর্মীদের হেনস্তার দায়ে দুইজনকে শাস্তির আওতায় আনা হয়েছে।
মারা যাওয়া এক শিশুর পিতা হাবিবুর রহমান জানান, তারা প্রকৃত দোষীদের শাস্তি চান কিন্তু হাসপাতাল বন্ধ হোক তা চান না। এদিকে স্বাস্থ্য উপদেষ্টা সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, প্রশাসনিক অবহেলার কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারের দায়িত্ব নিল কর্তৃপক্ষ। লাইসেন্স বাতিলের নোটিশকে বেআইনি দাবি করে সংবাদ সম্মেলন করেছেন আইনজীবী শিশির মনির।

0 Comments