কিশোরগঞ্জের ভৈরবে ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় ভৈরব পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি ওমর মোহাম্মদ অপুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পৌর এলাকার পঞ্চবটি গ্রামের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত ওমর মোহাম্মদ অপু (৩৬) ওই এলাকার মোমতাজ মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চবটি এলাকার পপি বেগম নামে এক নারীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে অপুর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। পপি বেগমের অভিযোগ, অপু তাকে মাদক কারবারি সাজিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন এবং টাকা না দেওয়ায় তার ঘর তালাবদ্ধ করে দেন। সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে অপুকে ওই নারীর কাছে ৫ লাখ টাকা দাবি করতে শোনা যায়।
এদিকে গ্রেফতার হওয়ার মাত্র দুই ঘণ্টা আগে বৃহস্পতিবার বিকাল ৫টায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন ওমর মোহাম্মদ অপু। সেখানে তিনি দাবি করেন, একটি কুচক্রী মহল এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহার করে তার কণ্ঠ নকল করে ভিডিওটি তৈরি করেছে। এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকায় তার সম্মান ক্ষুণ্ণ করতে এই ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নাজনিন খানম জানান, চাঁদাবাজির মামলায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে অপুকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে ভৈরব থানা হেফাজতে রাখা হয়েছে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান, পপি বেগম নামে এক নারীর দায়ের করা ৫ লাখ টাকা চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিশোরগঞ্জের ভৈরবে ৫ লাখ টাকা চাঁদাবাজির মামলায় পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি ওমর মোহাম্মদ অপুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারের আগে তিনি সংবাদ সম্মেলনে ভিডিওটি এআই দিয়ে তৈরি বলে দাবি করেন।

0 Comments