প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্য ও নাট্যকলা অন্তর্ভুক্ত করার সরকারি উদ্যোগের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। আগামী ১৮ জুন ঢাকা এবং ১৯ জুন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দিয়েছেন দলটির আমির মাওলানা মামুনুল হক। রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বৈঠক থেকে এই ঘোষণা দেওয়া হয়।
বৈঠকে মাওলানা মামুনুল হক বলেন, কোমলমতি শিশুদের শিক্ষাব্যবস্থায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের পরিবর্তে বিতর্কিত সাংস্কৃতিক উপাদান বাধ্যতামূলক করার উদ্যোগ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। তিনি এই উদ্যোগ অবিলম্বে বাতিল করে প্রাথমিক স্তরে ধর্মীয় ও নৈতিক শিক্ষা জোরদার করার দাবি জানান। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি এবং ব্যাংকিং খাতের অনিয়মে সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ঘাটতি বাজেট হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি জনগণের ওপর নতুন ঋণ ও করের বোঝা চাপিয়ে দেবে। এছাড়া তিনি মদ ও জুয়ার লাইসেন্স প্রদানেরও তীব্র নিন্দা জানান।
দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের সঞ্চালনায় বৈঠকে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আবদুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী এবং মাওলানা শরীফ সাইদুর রহমান।
প্রাথমিক শিক্ষায় সংগীত ও নৃত্য চালুর প্রতিবাদে ১৮ ও ১৯ জুন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। মাওলানা মামুনুল হক এই উদ্যোগকে ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী বলে দাবি করেন।


0 Comments