প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, রোহিঙ্গা শিশুদের জন্য নিরাপদ, মানবিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার আন্তরিকভাবে কাজ করছে। রোববার (১০ মে) দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন লার্নিং সেন্টার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ইউনিসেফ ও ব্র্যাক পরিচালিত তিনটি লার্নিং সেন্টার ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা শোনেন।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রতিটি শিশুরই স্বপ্ন দেখার অধিকার রয়েছে। মানবিক সংকটের মধ্যেও শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষা একটি প্রজন্মকে সহিংসতা ও অন্ধকার ভবিষ্যৎ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায়। লার্নিং সেন্টারগুলোতে মিয়ানমার কারিকুলাম অনুসরণ করে মিয়ানমার ভাষা, ইংরেজি, গণিত, ভূগোল, ইতিহাস ও বিজ্ঞান—এই ছয়টি বিষয়ে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়।
পরিদর্শনকালে লার্নিং সেন্টারের শিক্ষকরা অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিক্ষাসামগ্রীর ঘাটতি ও প্রশিক্ষণসংক্রান্ত চ্যালেঞ্জের বিষয়গুলো প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন। এসময় ইউনিসেফের চিফ অফ এডুকেশন দীপা সরকার, এডুকেশন ম্যানেজার লুইজ লিক, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং ব্র্যাকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে প্রতিমন্ত্রী কক্সবাজার সদরে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের জন্য আয়োজিত এডভান্সড আইসিটি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন।
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের লার্নিং সেন্টার পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোহিঙ্গা শিশুদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকারের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

0 Comments