বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামনে বড় ধরনের সামরিক সংঘাত অথবা একটি অস্বস্তিকর সমঝোতা ছাড়া আর কোনো পথ খোলা নেই বলে সতর্ক করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আইআরজিসির গোয়েন্দা শাখা এক সাম্প্রতিক বিবৃতিতে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পকে এখন এই দুই বিকল্পের মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে।
বিবিসি ফার্সির তথ্যমতে, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে ওয়াশিংটনের সিদ্ধান্ত নেওয়ার সময় দ্রুত ফুরিয়ে আসছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, তিনি ইরানের দেওয়া শান্তি প্রস্তাবটি খতিয়ে দেখবেন। তবে প্রাথমিকভাবে এই প্রস্তাবকে তিনি সন্তোষজনক মনে করছেন না।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া নয় দফা প্রস্তাবের জবাবে তেহরান পাল্টা ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে। আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও ইরান স্পষ্ট করেছে যে, ৩০ দিনের মধ্যে স্থায়ী সমাধান না হলে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির চেয়ে পুরো সংঘাতের অবসানই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। শর্ত এবং পাল্টা শর্তের এই লড়াইয়ে দুই দেশের মধ্যকার উত্তেজনা কমার বদলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি দিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ট্রাম্পের সামনে এখন বড় সামরিক সংঘাত অথবা অস্বস্তিকর সমঝোতার বিকল্প। দুই দেশের শর্ত ও পাল্টা শর্তে বাড়ছে চরম উত্তেজনা।

0 Comments