যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশি গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘লিফট’ প্রোগ্রামের আওতায় অনুদানের জন্য নির্বাচিত হয়েছে। একই সঙ্গে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কজিতো, এরগো সুম’–এর জন্য তিনি মন্টাজ ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালক ও সেরা নন–ফিকশন বিভাগে দুটি পুরস্কার পেয়েছেন।
জানা গেছে, ‘দ্য ওয়াটার রিডার্স’ নির্মাণের জন্য নির্বাচিত পাঁচ নির্মাতার একজন শামস। ইন্ডিয়ানার স্থানীয় পরিবেশ ও দূষণের ইতিহাস নিয়ে নির্মিতব্য এই চলচ্চিত্রের জন্য তিনি পাঁচ হাজার মার্কিন ডলার অনুদান ও মেন্টরশিপ পাচ্ছেন। আগামী জুলাইয়ে ইন্ডি শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১৭ এপ্রিল মন্টাজ ফিল্ম ফেস্টিভ্যালে ‘কজিতো, এরগো সুম’ চলচ্চিত্রের জন্য তিনি জোড়া পুরস্কার জয় করেন। বর্তমানে আহমেদ তাহসিন শামস যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটনের মিডিয়া আর্টস অ্যান্ড সায়েন্সেস বিভাগে পিএইচডি গবেষণায় নিয়োজিত রয়েছেন। গবেষণার অংশ হিসেবে তিনি বাংলাদেশকে কেন্দ্র করে ‘লোটাস ইন দ্য ওয়েস্টল্যান্ড’ শিরোনামের একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন। ঢাকার হাজারীবাগ এলাকার পরিবেশ ও মানুষের জীবনসংগ্রাম নিয়ে নির্মিত এই কাজে তাঁর সঙ্গে রয়েছেন শিল্পী বিশ্বজিৎ গোস্বামী ও সহপরিচালক সাদ্দাম হোসেন।
উল্লেখ্য, এর আগে শামস ‘দেহস্টেশান’ ও ‘আর্শিনগর’ নামে দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন, যা ২০২২ সালে আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায়। আন্তর্জাতিক অঙ্গনে এসব অর্জনকে নিজের কাজের বড় অনুপ্রেরণা হিসেবে দেখছেন এই নির্মাতা।
যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার জয় করেছেন বাংলাদেশি নির্মাতা আহমেদ তাহসিন শামস। আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করা এই নির্মাতার সাফল্য ও নতুন কাজ নিয়ে বিস্তারিত জানুন।

0 Comments