দেশে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, টানা পাঁচ মাস ধরে দেশে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এই ধারাবাহিকতা বজায় রয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, সদ্য সমাপ্ত এপ্রিল মাসে দেশে ৩১২ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় এই আয় ১৩ দশমিক ৬০ শতাংশ বেশি। গত বছরের এপ্রিলে রেমিট্যান্স এসেছিল ২৭৫ কোটি ডলার। তবে চলতি বছরের মার্চ মাসের তুলনায় এপ্রিলের রেমিট্যান্স প্রবাহ ১৬ দশমিক ৮০ শতাংশ কমেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই থেকে এপ্রিল) মোট ২ হাজার ৯৩৩ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছে। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ হাজার ৪৫৩ কোটি ডলার। অর্থাৎ, গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স প্রবাহ ১৯ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দেশে প্রবাসী আয়ের প্রবাহে সুবাতাস বইছে। টানা পাঁচ মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এপ্রিল মাসে ৩১২ কোটি ডলার আয় এসেছে, যা গত বছরের তুলনায় ১৩.৬০ শতাংশ বেশি।

0 Comments