মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন এবং ডহরী-তালতলা খালে নিষিদ্ধ বাল্কহেড থেকে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। শুক্রবার বিকেলে উপজেলার খেতেরপাড়া বাসস্ট্যান্ড এলাকায় খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত এক দশক ধরে পদ্মা নদী থেকে অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলনের ফলে লৌহজংয়ের বিশাল এলাকা নদীভাঙনের কবলে পড়েছে। এছাড়া ডহরী-তালতলা খালে অবৈধ চাঁদাবাজির মাধ্যমে নিষিদ্ধ বাল্কহেড চলাচলের সুযোগ করে দেওয়া হচ্ছে। এই চক্রের সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বালু উত্তোলন বা চাঁদাবাজির সাথে বিএনপি বা এর সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী কিংবা তাদের আত্মীয়স্বজন জড়িত থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয় সমাবেশে। একই সাথে এসব অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।
খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফুজ্জামান লাভলুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য এম. শুভ আহমেদ। এতে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন শিকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান, খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শান্ত পাঠান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভির আহমেদ অভি ও ইউনিয়ন বিএনপি নেতা আলী আহমেদ বেপারী। সম্প্রতি গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর এই বিক্ষোভের ডাক দেওয়া হয়।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থানীয় নেতৃবৃন্দ।

0 Comments