পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক ও সাংগঠনিক পর্যায়ে বড় ধরনের রদবদল এনেছে তৃণমূল কংগ্রেস। বিধানসভায় নিজেদের পরিষদীয় দলকে আরও শক্তিশালী ও কার্যকর করতে এই পরিবর্তন আনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। মূলত বিরোধী দলের ভূমিকায় থেকে আগামী দিনে আরও সংগঠিত ও আক্রমণাত্মক রাজনৈতিক লড়াই চালানোর লক্ষ্যেই এই নতুন টিম গঠন করা হয়েছে।
১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পালন করবেন তৃণমূল কংগ্রেসের সাবেক কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এছাড়া বিরোধী ডেপুটি লিডার হিসেবে মনোনীত হয়েছেন অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বিধানসভার চিফ হুইপ বা মুখ্য সচেতকের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে।
পাশাপাশি প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েককে দার্জিলিং জেলায় বদলি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, তাকে দার্জিলিংয়ের বিজনবাড়িতে পাল বাজার বিডিও অফিসে পাঠানো হয়েছে। তিনি এর আগে স্বরাষ্ট্র দপ্তরের অধীনে মুখ্যমন্ত্রী সচিবালয়ে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, গত ৪ মে ঘোষিত নির্বাচনী ফলাফল অনুযায়ী, ২৯৩টি আসনের মধ্যে ২০৭টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিজেপি। অন্যদিকে, মাত্র ৮০টি আসন পেয়ে বিরোধী দলের আসনে বসতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে।
পশ্চিমবঙ্গে তৃণমূলের বড় রদবদল। বিধানসভায় বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং চিফ হুইপ ফিরহাদ হাকিম। রাজনৈতিক লড়াই জোরদার করতে অভিজ্ঞ নেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে দলটি।

0 Comments