Recents in Beach

ব্রেকিং নিউজ

ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিমদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিমদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে মুসলিম জনগোষ্ঠীর ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান।

বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, নির্বাচনি ফলাফলকে কেন্দ্র করে সংখ্যালঘু মুসলমানদের টার্গেট করে যেভাবে সহিংসতা চালানো হচ্ছে, তা মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের সুস্পষ্ট লঙ্ঘন। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, মুসলমানরা তাকে ভোট দেয়নি—এ মর্মে দেওয়া বক্তব্য মূলত মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ও হামলাকে পরোক্ষভাবে বৈধতা দেওয়ার শামিল। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার এমন বক্তব্য পরিস্থিতিকে আরও উসকে দেয়।

তিনি আরও উল্লেখ করেন, বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্ষমতাসীন বিজেপির উগ্র সমর্থকদের প্রত্যক্ষ মদদ রয়েছে। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলা কোনো সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে গ্রহণযোগ্য হতে পারে না।

বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারতের মুসলমানদের ওপর চলমান হামলার ঘটনায় সরকারকে আনুষ্ঠানিকভাবে তীব্র নিন্দা জানাতে হবে। একই সঙ্গে কূটনৈতিক পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভারত সরকারের কাছে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাতে হবে। প্রতিবেশী দেশে মুসলমানদের ওপর নির্যাতনের বিষয়ে নীরবতা কাম্য নয় বলে তিনি মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, ওআইসি এবং বিশ্ব সম্প্রদায়ের প্রতি ভারতের মুসলিম জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। দক্ষিণ এশিয়ায় শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সব ধর্মীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।

সংক্ষেপে:
ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিমদের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি সরকারের কূটনৈতিক হস্তক্ষেপ দাবি করেন।

Post a Comment

0 Comments