সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা দেশটির সরকারে প্রথমবারের মতো বড় ধরনের রদবদল ঘোষণা করেছেন। গভীর রাতে জারি করা একাধিক প্রেসিডেন্সিয়াল ডিক্রির মাধ্যমে এই পরিবর্তন আনা হয় বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা নিশ্চিত করেছে।
নতুন এই রদবদলে তথ্যমন্ত্রী হিসেবে খালেদ জাররুরকে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি হামজা মুস্তফার স্থলাভিষিক্ত হলেন। অন্যদিকে হামজা মুস্তফাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। কৃষিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন বাসেল সুইদান, যিনি বাশার আল-আসাদ আমলের প্রভাবশালী ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
মন্ত্রণালয়ের পাশাপাশি হোমস, আল-কুনেইত্রা এবং তেলসমৃদ্ধ দেইর এজজোর প্রদেশের গভর্নরদেরও পরিবর্তন করা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর গঠিত এই অন্তর্বর্তী সরকারে এটিই প্রথম রদবদল। সাংবিধানিক ঘোষণা অনুযায়ী এই সরকারের মেয়াদ পাঁচ বছর।
সরকার গঠনের প্রায় দেড় বছর পর এই পরিবর্তন আনা হলো। যদিও রদবদলের কোনো সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে সাম্প্রতিক সময়ে সিরিয়ার ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি এবং অব্যবস্থাপনার অভিযোগে দেশজুড়ে বিক্ষোভ ও সমালোচনা চলছিল। এছাড়া প্রেসিডেন্সির নতুন মহাসচিব নিয়োগের মাধ্যমে প্রশাসনের বিরুদ্ধে ওঠা স্বজনপ্রীতির অভিযোগও নিরসনের চেষ্টা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সিরিয়ার অন্তর্বর্তী সরকারে প্রথম রদবদল ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। তথ্য ও পররাষ্ট্রসহ বেশ কিছু মন্ত্রণালয় ও গুরুত্বপূর্ণ প্রদেশের গভর্নর পদে পরিবর্তন আনা হয়েছে।

0 Comments